সুন্দরবনের লটদারদের মধ্যে অন্যতম ও উজ্জ্বল ব্যক্তিত্ব স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন৷ স্কটল্যান্ডের অ্যারন দ্বীপের হেলেন্সবার্গ নামক এক গ্রামে নিম্নমধ্যবিত্ত পরিবারে হ্যামিল্টনের জন্ম ১৮৬০ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর৷ প্রথাগত শিক্ষালাভে বিশেষ আগ্রহ না থাকায় ১৫-১৬ বছর বয়সে তাঁর মামার জাহাজ কোম্পানির ব্যবসায় কর্মচারী হিসেবে যোগ দেন৷ ‘মাকিনন-ম্যাকেঞ্জি কোম্পানি’ নামে উক্ত পরিবহণ সংস্থার হাত ধরে ১৮৮০ সালে হ্যামিল্টন বোম্বাইয়ে আসেন৷ পরের বছর ১৮৮১-তে কলকাতায়৷ এইসময় থেকে তাঁর সৌভাগ্যোদয়। ১৮৯৩ খ্রিস্টাব্দে তাঁর মামা উইলিয়াম ম্যাকিনন মারা গেলে ডানিয়েল হ্যামিল্টন কলকাতা-সহ পূর্বাঞ্চলের জাহাজ পরিবহণ ব্যবসার প্রধান নিযুক্ত হন এবং অনতিকাল মধ্যে প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠেন৷ পরিবহণ কোম্পানির কর্ণধার হওয়ায় সাহেব-সুবোদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয় ছিল। সেই পরিচয়সূত্রে ১৮৯৬ খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন কলকাতার মিশনারি স্কুলের শিক্ষিকা মার্গারেট ব্রাউনকে৷ অর্থ-সম্পদে পরিপূর্ণ দাম্পত্য জীবন। সুখেই কাটছিল। কিন্তু জীবন তো একই ধারায় চলে না। কিছুদিনের মধ্যে অভাবিত এক শোকের ছায়া নেমে আসে হ্যামিল্টন দম্পতির জীবনে৷ মার্গারেট মৃত সন্তান প্রসব করেন এবং নিদারুণ অসুস্থতায় সঙ্কটাপন্ন হন৷ জানা যায়, চিকিৎসায় সুস্থ হলেও তিনি আর মাতৃত্ব লাভ করতে পারবেন না৷ ড্যানিয়েল ব্যক্তিগতভাবে এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন৷ মানসিক বিকার দেখা দেয় তাঁর৷ চিকিৎসা চলে দীর্ঘ কয়েক বছর। তারপর আধ্যাত্মিক চেতনা সঞ্জীবনের মধ্যে দিয়ে কিছুকাল পরে তিনি সুস্থ হয়ে ওঠেন৷১ এইসময় তাঁর চিন্তা-ভাবনার মধ্যে এক উচ্চ দার্শনিকতা স্থান পায়। সংসার যাপনের অপ্রাপ্তির পথে তিনি জীবনের মহত্তর পথ খুঁজে পান। নির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে দিয়ে নিপীড়িত মানুষের মুক্তি চান তিনি। দান নয়, অনুগ্রহ নয়। নিজের পায়ে নিজে দাঁড়াবে মানুষ। এই পথকেই তিনি মনে করতেন মানবসেবার পথ। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জমিদারি ক্রয়ের সিদ্ধান্ত নেন তিনি। তবে বাংলাদেশে যে ধরনের জমিদারতন্ত্র প্রচলিত সেরূপ জমিদার তিনি হতে চাননি। তিনি চেয়েছিলেন সম্রাট অশোকের মতো প্রজানুরঞ্জক জমিদার হতে। সমবায় ব্যবস্থার মধ্যে দিয়ে প্রজার উন্নতিসাধন এবং আদর্শ স্বনির্ভর পল্লি প্রতিষ্ঠার উদ্দেশে তিনি জমিদারি ক্রয় করতে চান। সমসময়ে সুন্দরবনে এই ধরনের জমিদারি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়। ফলে হ্যামিল্টন মানবসেবার বাসনা নিয়ে জমিদারি ইজারা নিয়েছিলেন সেখানে।
লার্জ ক্যাপিটালিস্ট রুল নামক আইন অনুযায়ী ১৮৯৩-’৯৪ থেকে ব্যাপকভাবে সুন্দরবনে লটদারি কেনার হিড়িক পড়ে৷ এই সময় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মুণ্ডা-ওরাঁওদের জীবন-যাপনে বিভিন্নরকম বিপন্নতা আসে। দুঃসহ হয়ে ওঠে স্বাভাবিক ছন্দে বেঁচে থাকা। তারা নতুন বনের সন্ধানে করতে থাকে৷ ফলে সুলভে শ্রমিক পাওয়ার সম্ভাবনাও দেখা দেয়। লটদার-গাঁতিদারদের প্রেরিত আড়কাঠি বা ঠিকাদাররা এই সুযোগে সুন্দরবনের বনজমিতে স্বচ্ছন্দে বেঁচে থাকার প্রত্যাশা জাগিয়ে তুলেছিলেন তাদের মনে৷ নৌকায় ও রেলপথে দলে দলে আদিবাসী শ্রমিকদের আগমন ঘটতে থাকে৷ ১৮৯৯-এ মুণ্ডা বিদ্রোহের পর এই আগমন আরও ত্বরান্বিত হয়৷ বাস্তবিক এই প্রেক্ষাপটে ১৯০০ সালের পর থেকে দ্রুততার সঙ্গে আবাদ হতে থাকে সুন্দরবনের জঙ্গলভূমি৷ অন্যদিকে বিদেশি লবণের আমদানি রমরমা হলে মেদিনীপুর ও সুন্দরবন উপকূলের লবণের কারবার বন্ধ হয়ে যায়। মালঙ্গি-পাকি-জনদার-সহ বিপুল পরিমাণ লবণ শ্রমিক বেকার হয়ে পড়ে। এরা মূলত মেদিনীপুরের কৈবর্ত, বাগদি এবং পৌণ্ড্র সম্প্রদায়ের। উনিশ শতকের শেষ পর্বে ভূমিহীন এবং বেকার এই শ্রমিকেরা সুন্দরবনের নতুন আবাদে কৃষিভূমি সন্ধান করে। ফলে সমসময়ে শ্রমিক এবং কৃষক দুই-ই সুলভ হয়েছিল। ড্যানিয়েল হ্যামিল্টন এই পরিস্থিতি সম্যকভাবে উপলব্ধি করেন। সুস্থ হওয়ার পর আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহ বাড়ে তাঁর৷ ফলত মানবসেবা এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম প্রসারের প্রতি তিনি আগ্রহী হন৷ মিশনারি স্কুলের শিক্ষিকা স্ত্রী মার্গারেট উৎসাহ দেন তাঁকে৷ হ্যামিল্টন স্থির করেন সুন্দরবনের আবাদভূমিতে নতুন উপনিবেশ গড়ে জমিদার-মহাজনদের দ্বারা লাঞ্ছিত জনসাধারণকে মানুষের মতো করে বাঁচার অধিকার দেবেন৷ সঙ্গে সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিষ্ঠা করে তাঁদের মধ্যে ধর্মভাব জাগ্রত করবেন৷ ১৯০২ খ্রিস্টাব্দে লন্ডন মিশনারি সোসাইটির উইন্টার রিচার্ড লেকেন (Loquesne) তাঁর হয়ে সুন্দরবনে গোসাবার দু’টি লটের ইজারা বন্দোবস্তে স্বাক্ষর করেন৷ একটি লটের নাম গুয়াসোবা এবং অপরটির নাম রাঙাবেলিয়া। ১৯০৩ থেকে কার্যকরী হয় বন্দোবস্ত।২ তারপর আবাদের কাজ চলার সঙ্গে সঙ্গে সেখানে প্রতিষ্ঠিত হয় সেন্ট এ্যান্ড্রুজ চার্চ (১৯০৬ খ্রি.)৷ লন্ডন মিশনারি সোসাইটির শশীভূষণ প্রামাণিক নিযুক্ত হন পাদ্রি৷ তাঁর উদ্যোগে গোসাবার সূচনাকালীন আবাদভূমিতে খ্রিস্টানদের বসবাস গড়ে ওঠে৷ কিন্তু ধর্মের চেয়ে মানবিক প্রয়োজন যে এই ভূমিতে অত্যন্ত জরুরি হ্যামিল্টন তা অচিরেই বুঝতে পারেন৷ পেটের চিন্তায় কঠোরতম বাঁচার সংগ্রাম যাদের, তাদেরকে ধর্মভাবে উদ্বুদ্ধ করা সহজ নয়৷ বরং বাঘ-সাপের দেশে বাঁচার তাগিদে মানুষ বনবিবি, মনসা, গাজিবাবা, দক্ষিণরায়ের থানে আত্মসমর্পণ করতে অভ্যস্থ ছিলেন৷ হ্যামিল্টন নতুন উপনিবেশে সমস্যার কেন্দ্রে গিয়ে অনুধাবন করেন, আগে দরকার মহাজনি শোষণ রদ করে দারিদ্র্যমোচন৷ এইসময় ভারত সরকার কৃষি ব্যাঙ্ক নিয়ে ভাবনাচিন্তা করতে থাকে। ১৯০১ খ্রিস্টাব্দে এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়। এই কমিটির সুপারিশ ক্রমে লর্ড কার্জনের সময়ে সমবায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রস্তাব ওঠে৷ ড্যানিয়েল অর্থশালী ব্যবসায়ী হিসেবে সরকারি আধিকারিকদের সঙ্গে সুপরিচিত ছিলেন৷ ভারতে ১৯০৪ খ্রিস্টাব্দের ২৪ মার্চ সমবায় আইন পাশ হলে তিনি এ বিষয়ে অত্যন্ত উৎসাহী হন৷৩ আগ্রহবশত বাংলার প্রথম সমবায় নিয়ামক ডব্লিউ আর গোরলের সঙ্গে দেখা করেন তিনি। গোরলে ড্যানিয়েল হ্যামিল্টনের বক্তব্য ও ব্যক্তিত্বে বিশেষ উৎসাহিত হন৷ ইতিমধ্যে ১৯০৬ খ্রিস্টাব্দের ২৪ জুলাই বাকিংহাম প্যালেসে ‘নাইটহুড’ লাভ করেন তিনি৷ স্যার ড্যানিয়েল নামে তিনি সুপরিচিত হয়ে ওঠেন প্রবাসী ইউরোপীয়দের কাছে৷ ফলে নবপ্রতিষ্ঠিত গোসাবা জমিদারির ভবিষ্যৎ উজ্জ্বলতর হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ড্যানিয়েল হ্যামিল্টন প্রথমে ইজারা নেন গুয়াসোবা ও রাঙাবেলিয়া লট (১৪৩, ১৪৯ নং লট)৷ এখানে ১৯০৮-’১০-এর মধ্যে বাঁধের কাজ অনেকটা এগিয়ে যায়। এই সময় উৎসাহবশত তিনি আরও দু’টি লটের ইজারা নেন। একটি ১৪৮ নং সাতজেলিয়া লট এবং অপরটি ১৬৪ নং কৈখালি লট। এছাড়া পরে কিনেছিলেন উড়িষ্যার বারিপদা জমিদারি। গোসাবা জমিদারির আবাদের শুরু থেকে বিভিন্নরকম পরিকল্পনা গ্রহণ করেন হ্যামিল্টন। যার মধ্যে অন্যতম একটি হল কলকাতার শিক্ষিত ভদ্রসন্তানদের বিপ্লবী রাজনীতি থেকে সরিয়ে এনে সমবায়ভিত্তিক জমিদারির পরিচালক করে তোলার পরিকল্পনা। ১৯০৯-’১০ খ্রিস্টাব্দে আবাদিভূমির ৫০০ বিঘে জমি নিয়ে ‘দ্য বেঙ্গল ইয়ংমেন্স জমিনদারি কো-অপারেটিভ সোসাইটি’ নামে তরুণ বিপ্লবীদের একটি সংস্থা গড়ে তোলেন হ্যামিল্টন৷৪ উদ্দেশ্য ছিল সরকার-বিরোধী বিপ্লবের রাজনীতি থেকে তরুণদের সরিয়ে এনে গ্রামবাংলার ভূস্বামী হিসেবে উৎপাদনশীল জনজীবনের নেতা করে তোলা৷ হ্যামিল্টন তাঁর রচনায় এঁদের ‘ভদ্রলোক’ বলে উল্লেখ করেছেন৷ তাঁর তত্ত্বাবধানে এই সমিতি গোসাবা এবং পূর্ববঙ্গের ১৬৪ নং কৈখালি লটে আবাদ শুরু করে৷ হ্যামিল্টনের ভাবনা ছিল, “...and the brain power of the bhadralok, allied to the hand labour of the common man, will do it with a little encouragement from the Government of India in the shape of sound modern finance, which encouragement will cost the Government nothing.”৫ অর্থাৎ সরকারের তরফ থেকে শুধুমাত্র সমর্থন ও উৎসাহ জোগালেই ভদ্রসন্তানদের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনার দ্বারা শ্রমজীবীরা উৎপাদনশীল হয়ে উঠবে এবং অর্থনীতি শক্তিশালী হবে। সমসময়ে সরকারের মনোভাবও প্রায় অনুরূপ ছিল। ফলে হ্যামিল্টন নতুন কিছু বলেননি। তবে এ কথা ঠিক যে, সরকারের মনোভাবকে তাঁর মতো করে কার্যকরী করার উদ্যোগ খুব কম জমিদারই নিতে পেরেছিলেন। বাংলার অপর এক সমবায় নিয়ামক ডব্লিউ আর বুচান-এর ১৪ এপ্রিল ১৯০৯ তারিখের প্রতিবেদন থেকে জানা যায় ‘সমবায়ভিত্তিক জমিদারি’— এই ধারণাটির উদ্ভাবক স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি জানিয়েছেন, “The idea of the Zemindari Society originated with Sir D M Hamilton, whose interest in cooperation has always taken a very practical shape. His scheme, as propounded at a public meeting held in December last, is intended to help young Bengalis of the middle class to become Zemindars by means of Co-operative Credit.”৬
সমসময়ে জমিদারি ব্যবস্থার বাইরে সমাজের জন্য কল্যাণমূলক কোনও কাজ করা সম্ভব ছিল না। কারণ প্রজারা কোনও না কোনও জমিদারির অধীন। জমিদারকে এড়িয়ে সমবায় ব্যবস্থা চালু করা প্রায় অসম্ভব ছিল। ফলে সরকারি আধিকারিকদের জমিদারির মধ্যে সমবায় ব্যবস্থা রূপায়ণের কথা ভাবতে হয়েছিল। সরকারের উদ্দেশ্য হয়ে ওঠে সমবায়ভিত্তিক জমিদারি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জমিদারদের অধীনস্ত প্রজাদের উৎপাদনশীল ও স্বনির্ভর করে তোলা৷ সঙ্গে সরকারি ব্যয়ভার কমানো৷ হ্যামিল্টন সেই ভাবনার দিশারি হয়ে উঠেছিলেন৷ লক্ষ্য করার বিষয়, সরকারি কোনওরূপ সাহায্য ছাড়াই স্বনির্ভর অর্থনীতির বিকাশ চেয়েছিলেন তিনি গোসাবাতে৷ তাঁর ভাবনায়, পল্লি পুনর্গঠন চলবে গ্রামীণ মানুষের স্ব-উদ্যোগেই। ভদ্রসন্তানদের নেতৃত্বে গ্রামীণ শ্রমিকরা উৎপাদনশীল হয়ে উঠবেন এবং দারিদ্র্য দূরীভূত হবে। এই ভাবনা বাস্তবায়িত করতে উদ্যোগী হন তিনি প্রান্তিক দ্বীপাঞ্চলে। ইতিমধ্যে ১৯১০ নাগাদ গোসাবা-রাঙাবেলিয়ার আবাদকার্য শেষ হলে সাতজেলিয়া লটের প্রতি মনোনিবেশ করেন তিনি। এই কাজের সহযোগী হিসেবে তিনি পেয়ে যান ইছামতি তীরের শ্রীপুর (সাতক্ষীরা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গ্রামটির বর্তমান নাম টাউন শ্রীপুর। সেখানে উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের পৈতৃক নিবাস) থেকে আগত তরুণ এক কর্মচারী সুধাংশুভূষণ মজুমদারকে। তিনি হন ম্যানেজার। তাঁর পরিচয়সূত্র ধরে টাকী এবং শ্রীপুর থেকে এসেছিলেন আরও অনেক ভদ্রসন্তান। তাঁরা সব নায়েব-গোমস্তা। এঁদের সম্মিলিত উদ্যোগে আবাদকার্য এগিয়ে চলে দ্রুত গতিতে। যেহেতু হ্যামিল্টনের চিন্তা-চেতনার কেন্দ্রে ছিল সমবায় ভাবনা তিনি এবারে ভাবেন সমবায় ব্যাঙ্ক প্রতিষ্ঠার কথা। তিনি দেখেছিলেন মহাজনতন্ত্র আবাদি সুন্দরবনের অভিশাপ। এই অভিশাপ সমূলে বিনাশ করতে হলে ব্যাঙ্ক প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই। ১৯১৫ খ্রিস্টাব্দ নাগাদ স্যার ড্যানিয়েল ‘গোসাবা সমবায় ব্যাঙ্ক’ প্রতিষ্ঠা করেন৷ তারপর ১৯১৮-তে প্রতিষ্ঠিত হয় ‘গোসাবা সমবায় ভাণ্ডার’৷ এমনিভাবে একের পর এক আরও অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। সবগুলির উদ্দেশ্য জনকল্যাণমূলক জমিদারির অভিমুখ স্পষ্ট করা। সমবায় ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে কৃষিজমিকে উচ্চ উৎপাদনশীল করার জন্য নানা পরিকল্পনা চলে। ১৯১৯-এ গড়ে ওঠে ‘‘গোসাবা আদর্শ কৃষি গবেষণা কেন্দ্র’’ এবং ১৯২৩-এ “গোসাবা ধান্য বিক্রয় সমিতি”। কৃষি গবেষণাকেন্দ্র থেকে লোনাসহ ‘গোসাবা ২৩’ পাটনাই বীজধান আবিষ্কৃত হয়৷ সমসাময়িক বাংলাদেশে এই ধানের আবিষ্কার বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল বলে জানা যায়। ১৯৫১ খ্রিস্টাব্দের আদমসুমারি প্রতিবেদনের এক প্রসঙ্গে অশোক মিত্র মহাশয় এই ধানের প্রজাতির কথা উল্লেখ করেছেন।৭ উল্লেখ্য, বিগত শতকের সত্তর-আশির দশকেও হাইব্রিড বীজধানের রমরমার মধ্যে গোসাবাতে লোনাসহ এই পাটনাই ধান চাষের চল ছিল।
প্রথম বিশ্বযুদ্ধের অশান্তি দূরীভূত হলে হ্যামিল্টন সাহেব স্বদেশ থেকে গোসাবায় ফিরেছিলেন ১৯২০ নাগাদ। জমিদারিতে সাহেবের আগমন মানেই নতুন নতুন ভাবনার উদয়। ১৯২০ খ্রিস্টাব্দের পর থেকে সমবায় ব্যাঙ্কের শাখা খোলা শুরু হল বিভিন্ন গ্রামে৷ তারপর ১৯২২-এ সমস্ত শাখা সংগঠনগুলিকে নিয়ে গড়ে ওঠে ‘গোসাবা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক’৷ পরের বছর তৈরি হয় ধান্য বিক্রয় সমিতি। তবে শুধু ব্যাঙ্ক প্রতিষ্ঠা বা মানুষের অর্থনৈতিক উন্নতির ভাবনা ভেবেই যে তিনি ক্ষান্ত হয়েছিলেন তা নয়, তিনি চেয়েছিলেন প্রান্তিক দরিদ্র জনসাধারণের সার্বিক বিকাশ। সমসাময়িক সুন্দরবনের অন্য লটদারদের সঙ্গে গোসাবা জমিদারির এটাই পার্থক্য। প্রজাদের মধ্যে শিক্ষাবিস্তারের জন্য তিনি প্রতিষ্ঠা করেন গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় এবং মিডল ইংলিশ স্কুল৷ ১৯২৮ খ্রিস্টাব্দের মধ্যে ২৩টি গ্রামীণ স্কুল গড়ে ওঠে। অভিজ্ঞ পরিদর্শকের অধীনে এই বিদ্যালয়গুলি তত্ত্বাবধানের ব্যবস্থা করেছিলেন৷ সময়ের সঙ্গে বহু বহিরাগত গুণী শিক্ষিত যুবক এই বিদ্যালয়গুলির সঙ্গে যুক্ত হন। পরে ১৯৩২ খ্রিস্টাব্দে গোসাবা পল্লি পুনর্গঠন কেন্দ্র নামে উচ্চ বিদ্যালয় (Gosaba Rural Reconstruction Institution) প্রতিষ্ঠিত হলে গোসাবার শিক্ষাধারা দক্ষিণ বঙ্গের দ্বীপাঞ্চলজুড়ে সুনাম অর্জন করেছিল। এখানে উল্লেখ্য, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় হ্যামিল্টনের চেতনায় অন্তরতম একটি বাণী উৎসারিত হয়। যা হল, Fear God, Work Hard, Be Honest। ঈশ্বরকে ভয় কর, পরিশ্রমী হও এবং সৎ হও। আজও গোসাবা আর আর ইনস্টিটিউশনের প্রবেশদ্বারে এই বাণী খোদাই করা আছে। ঈশ্বরকে ভয় করে চলা বলতে সম্ভবত তাঁর অস্তিত্বকে মেনে চলা বোঝায়। কারণ ঈশ্বরের ভয় কথাটি যুক্তি দিয়ে বোধগম্য হয় না। তবে তৎকালীন সময়ে হয়তো এই বোধের বিশেষ তাৎপর্য ছিল। হ্যামিল্টনের অন্যতম আর একটি কীর্তি হল ১৯২৭ সালের ১৩ সেপ্টেম্বর ‘যামিনীভূষণ কো-আপারেটিভ রাইস মিল’ প্রতিষ্ঠা৷ এটি একক প্রতিষ্ঠান ছিল না। রাইসমিলের সহকারী সংগঠন হিসেবে গ্রামে গ্রামে গড়ে উঠেছিল ধর্মগোলা৷৮ সমবায়ভিত্তিক জমিদারি প্রতিষ্ঠার সংকল্পে ড্যানিয়েল হ্যামিল্টন যতগুলি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তার মধ্যে ধর্মগোলার ভাবনা ছিল সবচেয়ে সফল। এখান থেকে দুঃসময়ে চাষিরা ধান ঋণ পেতেন৷ আবার অতিরিক্ত ধান জমা রাখতে পারতেন৷ রাইসমিলটির সঙ্গে এই ধর্মগোলার ঘনিষ্ঠ সংযোগ থাকত। শেয়ারভিত্তিকভাবে এগুলি চলত এবং নিয়মিত লভ্যাংশ মিলত৷ এস্টেটের পাওনা খাজনা এবং ঋণের সুদ পরিশোধ করে সদস্য কৃষকরা অবশিষ্ট লভ্যাংশ বুঝে পেতেন৷ তবে এখানে একটি বিষয় লক্ষ্যণীয়, হ্যামিল্টনের সমস্ত কর্মকাণ্ডের স্বত্ত্বভোগীরা ছিলেন সর্বাংশেই জমির মালিকগণ৷ ভূমিহীন, ভাগচাষি ও মজুরদের সমবায়ের সুবিধাভোগী হওয়ার অধিকার দেওয়া যায়নি৷ যেহেতু তারা ভূমিহীন সেজন্য ঋণ পাওয়া ও পরিশোধের বিষয়টি তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কোনও সুযোগ ছিল না৷ গোসাবা এস্টেটের কর্মচারী এবং ধনাঢ্য কৃষকদের সম্মিলনেই যামিনীভূষণ রাইসমিলের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হত৷ যার কেন্দ্রীয় ক্ষমতা হস্তগত রেখেছিলেন এস্টেটের ম্যানেজার সুধাংশুভূষণ মজুমদার। সমবায় ব্যাঙ্ক, সমবায় ভাণ্ডার সবই ছিল তাঁর নিয়ন্ত্রণে৷ হ্যামিল্টন যেহেতু বছরের মধ্যে কয়েক মাস মাত্র গোসাবায় থাকতেন, সেহেতু সমবায় প্রতিষ্ঠানের লভ্যাংশভোগী একটি ধনাঢ্য শ্রেণি ম্যানেজার-নায়েবের তত্ত্বাবধানে সমস্ত ক্রিয়াকাণ্ডের পরিচালক হয়ে উঠেছিল৷

হ্যামিল্টনের আর একটি উল্লেখযোগ্য কীর্তি ১৯৩০-৩১ নাগাদ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ‘গোসাবা নোট’ নামক টাকার প্রচলন।৯ এস্টেটের মধ্যেকার কেনা-বেচা সচল রাখতে এই টাকা চালু হয়৷ কর্মচারীরা বেতন পেতেন এই নোট-এ৷ আবার সমবায় ভাণ্ডার থেকে এর বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মিলত৷ তবে স্থানিক এই নোটের মন্দ দিকও কিছু ছিল। গোসাবা এস্টেটের বাইরে এই নোটের মূল্য না থাকায় গরিব কৃষকদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকে যেত। তাছাড়া নোট নিতে অনিচ্ছুক কৃষকদের কিছুক্ষেত্রে বাধ্য করা হয়। ফলে এ বিষয়ে পরবর্তীতে অসন্তোষ জন্ম নেয়। ১৯৩৯-এর ৬ ডিসেম্বর ড্যানিয়েলের মৃত্যু হলে এই নোটের কার্যকারিতা শেষ হয়৷ ঔপনিবেশিক শাসনের যুগে কোনও একটি ভূখণ্ডের জমিদার স্বতন্ত্রভাবে মুদ্রা বা নোট চালু করেছেন এমন দৃষ্টান্ত দেখা যায় না। সম্ভবত ড্যানিয়েল হ্যামিল্টন এরকম একটি উদ্যোগ নিতে পেরেছিলেন সরকারি প্রশ্রয়েই। যেহেতু সমসময়ে তিনি সমবায় অর্থনীতি প্রসারের দিশারী হিসেবে সারা ভারতে সুপরিচিত ছিলেন তাঁর পক্ষে এটি সম্ভব হয়েছিল। যাহোক, সমবায় অর্থনীতির বিকাশের অন্যতম প্রবক্তা হওয়ায় সমসাময়িক সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ভারতীয় মনীষীদের সঙ্গে হ্যামিল্টনের সুসম্পর্ক স্থাপিত হয়। সেই সুসম্পর্কের ভিত্তিতে প্রত্যন্ত গোসাবার মাটিতে বহু গুণী মানুষের আগমন ঘটে৷ হ্যামিল্টনের কর্মকাণ্ড দেখতে তাঁরা এসেছিলেন গোসাবায়৷ এসেছিলেন বাংলার গভর্নর কারমাইকেল (১৯১৬), স্যার এ্যান্ডারসন (১৯৩৭), অর্থনীতিবিদ স্যার জর্জ সুস্টার (Schuster) (১৯৩১), বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৩২), গান্ধীজির একান্ত সচিব মহাদেব দেশাই (১৯৩৫ ও ১৯৩৭) প্রমুখ৷ শোনা যায়, জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও গোসাবাতে এসেছিলেন৷ সমসময়ে রবীন্দ্রনাথ, গান্ধী ও হ্যামিল্টনের মধ্যে সমবায় আদর্শকে কেন্দ্র করে একটি সেতুবন্ধ রচিত হয়েছিল৷ যা দীর্ঘ সময় ধরে বজায় থাকে। রবীন্দ্রনাথ ১৯৩২-এ (২৯ ডিসেম্বর ১৯৩২ থেকে ১ জানুয়ারি ১৯৩৩) গোসাবায় আসার পর ‘বোলপুর-গোসাবা সমবায় প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়৷১০ শিক্ষার্থীরা বছরের মধ্যে ছ’মাস ক’রে উভয় স্থানে শিক্ষা গ্রহণে যেতে পারতেন৷ সম্ভবত এই সম্পর্ক দীর্ঘ সময় ধরে বজায় ছিল। এখানে আরও উল্লেখ্য যে, গোসাবায় স্বনির্ভর পল্লি গড়ে তোলার জন্য যে বিপুল কর্মকাণ্ড চলছিল তার খবর বিদেশেও ছড়িয়েছিল সে সময়ে। মহাত্মা গান্ধী ১৯৩১-এ লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে স্যার ড্যানিয়েলের সমবায়ী কর্মকাণ্ডের কথা তুলে ধরেছিলেন তাঁর আলোচনায়৷১১

গোসাবাতে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন শহরাগত ভদ্রসন্তানদের দ্বারা সেমি-ফিউডাল একটি সমাজব্যবস্থা গড়ে তোলেন৷ যার কেন্দ্রে ছিল কৃষিজমি৷ কৃষিজমির সঙ্গে ভদ্রসন্তানদের যোগাযোগ ছিল উৎপাদিত ফসলের লভ্যাংশে৷ সরাসরি কৃষিকাজ তাঁরা করতেন না৷ জমিদারির পরিচালক বিভিন্ন পর্যায়ের কর্মচারী হিসেবে চাকরান জমির ফসল পেতেন তাঁরা। ড্যানিয়েল এই ব্যবস্থাকে উৎসাহিত করেন সমবায়ভিত্তিক অর্থনীতির নামে৷ ম্যানেজার, নায়েব, শিক্ষক, হিসাব-রক্ষক, চাপরাশি, ইন্সপেক্টর, সাধারণ কর্মচারী প্রত্যেকেই এস্টেট থেকে চাকরান জমি পেতেন৷ পারিবারিক জমির সঙ্গে এই জমি ভোগ করা যেত। এখানে উল্লেখ্য, রাজস্ব আয় নিশ্চিত করার জন্য হ্যামিল্টন উদ্যমী বড় কৃষকদেরও বেশি মর্যাদা দিতেন৷ একজন কৃষক এক নামে সর্বোচ্চ পঁচিশ বিঘে জমি পেতে পারতেন। স্বামী-স্ত্রী মিলে পঁয়তাল্লিশ বিঘে। এছাড়া এস্টেটের খাসজমি থেকে আরও পঁচিশ বিঘে ভাগচাষে পাওয়ার নিয়ম ছিল। তবে ভূমিহীন বা ক্ষুদ্র কৃষকরা খাসজমিতে ভাগচাষের এই সুযোগ কম পেতেন। কারণ লাঙল-বলদ এবং লোকবল না থাকলে এস্টেটের জমি ভাগচাষে পাওয়া যেত না। ফলত সমবায়ী এস্টেটের কোনও সুযোগই তাদের কাছে পৌঁছাত না। সমৃদ্ধ কৃষকরা মাহিন্দার ও কৃষিমজুর দিয়ে জমি চাষ করাতেন। তাতেই নির্বাহ হত গরিবদের জীবিকা। বলা যায় মূল সমবায় অর্থনীতির সঙ্গে এই শ্রমজীবী মজুরদের প্রত্যক্ষভাবে কোনও সম্পর্ক ছিল না৷
শেষ পর্বে আর একটি বিষয় আলোচনা না করলে প্রসঙ্গটি অসম্পূর্ণ থেকে যায়। হ্যামিল্টন যে সময়ে ক্যাপিটালিজম এবং ঔপনিবেশিক শাসনের পক্ষে সমবায়ের ঢাল নিয়ে দক্ষিণপন্থী হিতবাদের প্রচারক হয়ে উঠেছেন তখন রুশ বিপ্লব ঘটে গেছে (১৯১৭ খ্রিস্টাব্দ)। সোভিয়েত রাশিয়া ঔপনিবেশিকতা ও পুঁজিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। এই প্রেক্ষিতে ইংল্যান্ড-ফ্রান্সের মতো দেশ আন্তার্জাতিক রাজনীতির অভিমুখ বদলে ফেলে। ভার্সাই চুক্তিতে যে জার্মানিকে শাসন করা হয়েছিল সেই জার্মানি অনতিকাল মধ্যে আন্তর্জাতিক রাজনীতির দৈত্য হয়ে ওঠে ব্রিটেনের প্রশ্রয়েই। রাশিয়ার সমাজতন্ত্রকে মোকাবিলা করার জন্য তারা হিটলারকে ব্যবহার করে। ত্রিশের দশকজুড়ে ব্রিটেন-ফ্রান্সের উদ্যোগে কমিউনিজম এবং রাশিয়ার বিরুদ্ধে মুসোলিনি ও হিটলারকে তোষণ করা চলে। অতএব ব্রিটিশ শাসনের অনুগামী এবং সমর্থক স্যার ড্যানিয়েলের পক্ষে সমসময়ে সেই নীতির বাইরে যাওয়া সম্ভব ছিল না। তিনিও কমিউনিজমের ঘোরতর বিরোধী হয়ে ওঠেন৷ রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠাকাল থেকেই লেনিনবাদের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন৷ তিনি লেখেন, “The Lenin Road is the road travelled by the anti-God Society— the way of the road travelled by the anti-christ, and it leads to the field of blood with hell beyond.”১২ কমিউনিজমকে তিনি ভ্রান্ত মতবাদ বলে প্রচার করতেন। তাঁর মতে সমবায়ের পথই একমাত্র পথ, যে পথে সকল মানুষ সম্পদশালী হয়ে উঠতে পারে এবং দারিদ্র দূর করা যেতে পারে। তিনি লিখেছেন, “The Co-operative Rusta is the quikest and straightest and the only safe road to independence, both for the individual and the nation.”১৩ সমস্ত জীবনব্যাপী তিনি এই বিশ্বাসে অবিচল ছিলেন। জীবন সায়াহ্নেও কমিউনিজম সম্পর্কে তাঁর ধারণা পরিবর্তন হয়নি। তাই দেখা যায়, একাধিক লেখনীতে তিনি সমবায়ভিত্তিক সমাজব্যবস্থার বিপ্রতীপে কমিউনিজমকে স্থাপিত করেছেন। তাঁর মতে, “Commnism is simply a gigantic form of capitalism which destroys the soul and personality of the worker.”১৪ তিনি মনে করতেন, দারিদ্র্যের মধ্যে কমিউনিজমের দ্রুত বিস্তার ঘটে৷ সব মানুষ যদি সম্পদশালী হয়ে ওঠে তবে কমিউনিজমের আর দরকার পড়বে না। সমবায়ভিত্তিক অর্থনীতি যখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র স্বয়ম্ভরতা আনবে, তখন কমিউনিজম অপ্রাসঙ্গিক হয়ে উঠবে৷ হ্যামিল্টন লিখেছেন, “Communism is a posion plant which grows on poor sour soil, enrich and sweeten the soil and the plant will wither and die. The cure of communism to capitalism Make everyman a capitalist...”।১৫ ভাবতে অবাক লাগে যে, আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্র থেকে লক্ষ্য যোজন দূরে প্রত্যন্ত সুন্দরবনের আবাদভূমির একজন জমিদার নিজের ভূমিতে সমবায় নীতির প্রচার করতে গিয়ে এমনিভাবে সাম্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তবে সমসাময়িক বাংলার কমিউনিস্ট রাজনীতির ধারা পর্যালোচনা করলে দেখা যাবে এর যথেষ্ট কারণ ছিল। ত্রিশের দশকের মাঝামাঝি থেকে সুন্দরবনে বহিরাগত কমিউনিস্টদের সাংগঠনিক দক্ষতায় কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে। নিহারেন্দু দত্ত মজুমদার, প্রভাস রায়, সৌম্যেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ নিপীড়িত কৃষকদের বঞ্চনার প্রতিকার ও পাওনাগণ্ডা আদায়ে সোচ্চার হয়েছিলেন। সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের মতো কমিউনিস্ট নেতা আবার খোদ গোসাবা থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন ১৯৩৮ থেকে।১৬ ‘গোসাবা নোট’ নামক চেক টাকার বিরুদ্ধে অসন্তোষ এবং বহিরাগত ভদ্রলোক কর্মচারীদের সমবায়ের নাম নিয়ে প্রজাকে বঞ্চিত করার কারবারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল তাঁর উদ্যোগে। ফলে এ কথা স্পষ্ট যে, স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের কমিউনিজমের বিরোধিতায় সোচ্চার হওয়ার যথেষ্ট কারণ ছিল। ১৯৩৯ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর মৃত্যুর কিছুকাল আগে পর্যন্তও তিনি পুলিশ এবং প্রশাসনের পূর্ণ সহায়তা নিয়ে সৌম্যেন্দ্রনাথ পরিচালিত আন্দোলনের বিরোধিতা করেন।১৭ লক্ষ্য করার বিষয় যে, একদা সমবায় আন্দোলনের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে গোসাবা এস্টেটের আমন্ত্রণ রক্ষা করেছিলেন সেই গোসাবা এস্টেট ঠাকুর পরিবারের আর এক প্রতিনিধির আন্দোলনে ব্যতিব্যস্ত হয়েছিল। যদিও ১৯৩৯-এ ভারত রক্ষা আইনে সৌম্যেন্দ্রনাথ গ্রেপ্তার হওয়ার ফলে গোসাবা এস্টেট আপাতত এই আন্দোলনের হাত থেকে রেহাই পায়।
স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ধর্মপ্রাণ এবং জনহিতবাদী জমিদার। গ্রামীণ সমাজের বিকাশের ক্ষেত্রে তিনি সমবায় অর্থনীতিকে যুক্তিসিদ্ধভাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু আধ্যাত্মিক চিন্তার ঊর্ধ্বে কোনও নীতি-আদর্শকেই তিনি স্থান দিতেন না। খ্রিস্টান ধর্মই তাঁর কাছে চূড়ান্ত সত্য৷ সম্রাট অশোকের প্রজাকল্যাণকামিতা তিনি খ্রিস্টানবোধের সঙ্গে এক করে ফেলেন৷ জীবনের শেষদিন পর্যন্ত সেই বিশ্বাসে অবিচল ছিলেন৷ জীবন সায়াহ্নে হ্যামিল্টন নির্মিত সর্বশেষ উইলে গোসাবার প্রায় দেড় লক্ষ বিঘে সম্পত্তি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দান করার ইচ্ছাপত্রের মধ্যে দিয়ে সে কথা প্রমাণিত হয়। Last Will & Testament of Sir Daniel Hamilton-এ লেখা হয়েছে, “On the death of my wife, I bequeath all these Indian Ianded properties jointly to the church of England, the church of Scotland and the London Missonary Society (Indian Branches), the properties to be held in trust by these churches and Society for the furtherence of Missonary work in the rural areas of India—the Imperial bank of India and the manager of Gosaba to be co-opted as trustees.”১৮
তবে হ্যামিল্টন খ্রিস্টান মিশনারিদের হাতে জমিদারি তুলে দিতে চাইলেও তৎকালীন সময়ে কোনও মিশনারি সংস্থা উক্ত সম্পত্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি৷ ফলে ড্যানিয়েল হ্যামিল্টন এবং লেডি হ্যামিল্টনের মৃত্যুর পর (১৯৪৬) তাঁর ভ্রাতুষ্পুত্র জেমস হ্যামিল্টন এবং ম্যানেজার সুধাংশুভূষণ মজুমদার গোসাবার বিপুল সম্পত্তির তত্ত্বাবধান করতে থাকেন৷ জমিদারি অধিগ্রহণকালে ১৯৫৭-’৫৮ পর্যন্ত সমবায়ের নামে জমিদারি রক্ষার চেষ্টা চালান তাঁরা। যদিও সে চেষ্টা বিফল হয়। ১৯৫৮-তে গোসাবা জমিদারি অধিগৃহীত হয়েছিল। হ্যামিল্টনের এক জীবনব্যাপী সমবায় প্রচেষ্টার অপমৃত্যু ঘটে জমিদারি হস্তান্তরের সঙ্গে সঙ্গে। মনে রাখতে হবে, খ্রিস্টান ধর্মীয় আদর্শের প্রতি হ্যামিল্টনের যেমন গভীর আস্থা ছিল, তেমনি আনুগত্য ছিল ব্রিটিশ শাসনের প্রতিও৷ লর্ড কার্জন বা লর্ড আরউইনের কল্যাণকামী সদিচ্ছায় তাঁর গভীর আস্থা একাধিক লেখায় উচ্চারিত৷ ঔপনিবেশিক শাসনের সব উদ্যোগকে সপ্রশংসচিত্তে গ্রহণ করায় প্রস্তুত ছিলেন তিনি। ফলে ব্রিটিশ শাসনের দিন শেষ হয়ে এলে হ্যামিল্টনের সব উদ্যোগের প্রাণশক্তিও স্তিমিত হওয়াই স্বাভাবিক ছিল। স্বাধীন দেশে সরকারি কোনও অনুপ্রেরণা এই সমবায়ের পক্ষে কাজ করেনি। বরং সমবায়ের নামে জমিদারি চালানোর নিন্দায় বারে বারে বিদ্ধ হয়েছে গোসাবা জমিদারি। আরও একটি বিষয় এখানে উল্লেখ্য যে, যে মহাজনদের হ্যামিল্টন ‘আইনসম্মত ডাকাত’ বলে চিহ্নিত করেছিলেন সমবায় ব্যবস্থার মধ্যেও তারা স্বমহিমায় বিরাজ করত। তাছাড়া সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলি যে মহাজন হয়ে উঠতে পারে সে কথা গোসাবা জমিদারিতে একাধিক ক্ষেত্রে প্রমাণিত হয়৷ তাঁর মৃত্যুর পর গোসাবাতে এটি সত্য হয়েছিল৷ তিনি মনে করতেন, বিপ্লবী আন্দোলন প্রতিরোধ, অস্পৃশ্যতা-বিরোধী সংস্কার আন্দোলন, ভারতের স্বাধীনতা অর্জন— সব কিছুরই একটাই পথ, যা হল সমবায়৷ গোসাবার আদর্শ জমিদারি ভারতকে এই পথের দিশা দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, ভারত তো দূরের কথা, হ্যামিল্টন এস্টেটের পাশাপাশি জমিদারিগুলিতেও সমসময়ে তাঁর সমবায় চিন্তার কোনও প্রভাব পড়েনি। বাসন্তীর মহেশচন্দ্র চৌধুরী এস্টেট, সূর্যবেড়ের পালচৌধুরি এস্টেট বা একেবারে নিকটবর্তী বালি দ্বীপের আঢ্য এস্টেট বা দে এস্টেটেও হ্যামিল্টনের পথ মাড়ায়নি। সুতরাং হ্যামিল্টনের স্বপ্ন যে শুধু স্বপ্নই ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে তাঁর জীবদ্দশায় সমকালীন বাংলার পরিপ্রেক্ষিতে গোসাবাতে অনেকটা এগিয়ে সত্যিকার সাধু এবং নিঃস্বার্থ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও তাঁর মৃত্যুর পরবর্তীতে সমবায় প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ধরনের কায়েমি স্বার্থ বাসা বাঁধে। যার বিরুদ্ধে নিরুপায় প্রজাদের আন্দোলনের পথ বেছে নেওয়া ছাড়া উপায় ছিল না।
সমকালীন ঔপনিবেশিক সমাজব্যবস্থায় হাজার হাজার জমিদারের মধ্যে স্যার হ্যামিল্টন এক উজ্জ্বল ব্যক্তিত্ব। প্রজাকল্যাণকামী একজন আধুনিক জমিদার তিনি৷ সমবায় যে ব্যক্তিস্বাধীনতা ও স্বনির্ভরতা সৃষ্টি করে, তাতেই আদর্শ শোষণহীন সমাজ গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করতেন৷ সফলতাও পেয়েছিলেন অনেকখানি৷ তৎকালীন গোসাবা এই পথেই পঞ্চাশের মন্বন্তর (১৯৪৩) অতিক্রম করতে পেরেছিল।১৯ কিন্তু ভূমিহীন ভাগচাষি ও বনজীবী আদিবাসীরা যে ব্যবস্থায় বঞ্চিত সে ব্যবস্থা সময়ের আবর্তে আঘাতপ্রাপ্ত হওয়াই ভবিতব্য ছিল৷ তাছাড়া সমবায় প্রতিষ্ঠানের ধারক-বাহক করে তোলা হয়েছিল যে ভদ্রসন্তানদের, তাঁরা যে কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করে গোসাবাকে শহরবাসীদের উপনিবেশ করে তুলবেন, সে কথাও হয়তো হ্যামিল্টনের কল্পনায় ছিল না৷ আরও অবাক হওয়ার যে, তাঁর সমবায় অর্থনীতির ভাবনা গোসাবার বাইরে কোথাও ছড়িয়ে পড়েনি৷ পাশাপাশি লটদারি বা গাঁতিদারি এস্টেটগুলিতেও নয়৷ অথচ তিনি স্বপ্ন দেখতেন গোসাবা একদিন সারা ভারতকে পথ দেখাবে৷ তাই বলা যায়, তাঁর মৃত্যু আসলে একটি মহান প্রচেষ্টার মৃত্যু৷ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর সমবায় প্রচেষ্টা বিলীন হয়ে যায়। সবশেষে একটি প্রশ্নও থেকে যায়— জমিদারতন্ত্র এবং সমবায়নীতি এই দুই মেরুকে কখনও কি এক করা সম্ভব ছিল? দু’টির অভিমুখ যে সম্পূর্ণ বিপরীত। একদল মানুষ ভোগ করবে এবং অন্য দল মাথার ঘাম পায়ে ফেলে ভোগের উপকরণ সাজাবে এ দুইয়ের মিলন কি সমবায়ের সুতোয় গেঁথে ফেলা সম্ভব? সম্ভব নয় বলেই হয়তো স্বাধীনতার অনতিকাল মধ্যে গোসাবার সমবায় সংগঠনগুলি ভেঙে পড়ে। মুছে যায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা হ্যামিল্টনের অনুগামী শুভ-বুদ্ধিসম্পন্ন কয়েক শত মানুষের হাজার চিন্তা এবং কর্মকাণ্ডের চিহ্ন। তবে ব্যর্থ হলেই ইতিহাসের সব উপাদান মুছে ফেলতে হবে তা তো ঠিক নয়। ভারতের সমবায় ব্যবস্থা বিকাশের ইতিহাসে গোসাবার নাম যে অক্ষয় হয়ে থাকবে চিরকাল। কিছুতেই এড়িয়ে যাওয়া যাবে না হ্যামিল্টন এবং গোসাবাকে। তাই ইতিহাসের চিহ্নগুলি রক্ষা করা জরুরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, অর্বাচীন কালের গ্রামীণ প্রশাসন ইতিহাসের কোনও তাৎপর্যই অনুধাবন করতে পারে না। করোনেশন পার্ক নামের শিশু উদ্যান, কাছারি মাঠ, সমবায় ভাণ্ডার, সমবায় ব্যাঙ্ক, যামিনীভূষণ রাইসমিল, ধর্মগোলা, হ্যামিল্টন বাংলো, দাতব্য চিকিৎসালয় সবই হারিয়ে যায় সেই অজ্ঞতার ফাঁক দিয়ে। তবে, তিনটি রাত ধরে রবীন্দ্রনাথের ছোঁয়ায় ধন্য হওয়ার স্মৃতি বুকে নিয়ে আজও মাথা উঁচু করে আছে বিদ্যা আর দুর্গাদোয়ানির সঙ্গমস্থানে বেকন বাংলো। গোসাবা আজও আলো দেখায় সেই বাংলো থেকে। অমাবস্যার গাঢ় অন্ধকার ঠেলে নতুন দিনের আলো। মানুষ জেগে উঠলে ওই আলো নিশ্চয়ই আবার পথ দেখাবে।
তথ্যসূত্র—
১। দত্ত, সৌমেন, স্যার ড্যানিয়েল ও গোসাবার আখ্যান, কলকাতা, ২০১০, পৃ, ১৭
২। Hamilton’s Lease Document of 1903 for 2514 Bighas of Land in Guasoba Islands: Lease under Rule 30 of the Rules for the Lease of Wastelands in the Sundarbans.
৩। Bandyopadhyay, Alapan & Matilal, Anup, The Philosophers Stone, Speeches & Writings of Sir Daniel Hamilton, ed, Gosaba, 2003, p.11
৪। চক্রবর্তী, রাধাগোপাল, বৃটিশ আমল ও বাংলার সমবায়, কলকাতা, ২০০৪, পৃ, ১৪৮
৫। The Philosophers Stone, Speeches & Writings of Sir Daniel Hamilton, p.132
৬। চক্রবর্তী, রাধাগোপাল, বৃটিশ আমল ও বাংলার সমবায়, কলকাতা, ২০০৪, পৃ, ১৪৮
৭। Mitra, A, Census 1951, West Bengal, An Account of land Management in West Bengal 1870-1950, Alipore, 1953
৮। ভট্টাচার্য, কালীপদ, মহাপ্রাণ স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, গোসাবা, ১৯৫৫, পৃ, ৫২
৯। ‘দ্য ফিলোসপার্স স্টোন’ নামক গ্রন্থের ভূমিকায় সম্পাদক মাননীয় অনুপ মতিলাল মহাশয় লিখেছেন, হ্যামিল্টন এস্টেটে এক টাকার গোসাবা নোট চালু হয়েছিল ১৯৩৬ খ্রিস্টাব্দে। অনেকেই সেই মত সমর্থন করেন। কিন্তু রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় ১৯৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বরে রবীন্দ্রনাথের গোসাবা ভ্রমণ প্রসঙ্গে এই এক টাকার নোটের উল্লেখ করেছেন। ফলে এ বিষয়ে কিছুটা সংশয় থেকে যায়। এমন হতেও পারে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ১৯৩০-৩১ খ্রিস্টাব্দে এই নোট প্রবর্তনের প্রয়োজন হয়েছিল।
১০। রবীন্দ্রজীবনী ও রবীন্দ্রসাহিত্য প্রবেশক, প্রভাতকুমার মুখোপাধ্যায়, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা, তৃতীয় সংস্করণ, ১৩৯৭, পৃ, ৪৯৮
১১। Collected Works of Mahatma Gandhi, vol-54, p. 207
১২। The Philosophers Stone, Speeches & Writings of Sir Daniel Hamilton, P. 80
১৩। The Philosophers Stone, Ibid, P. 219
১৪। The Philosophers Stone, Ibid, p.282
১৫। The Philosophers Stone, Ibid, P. 77
১৬। WBSA, I B Reports, File no- 166/26, dt. 08/04/1939
১৭। WBSA, IB Report, File No—29/90/1942, সেন, প্রভাত, পদচিহ্ন, গণবাণী, ১৫ অক্টোবর, ১৯৮৬
১৮। The Philosophes Stone, Speeches & Writings of Sir Daniel Hamilton, P. 314
১৯। Inspection Book of Satjelia Emilibari Co-operative Bank from 1922 to 1964 (Gosaba).
© 2026 Newz Arena | All Right Reserved